সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল বারাকপুর মহকুমা আদালত। চার বছর আগে সেখান থেকে বারাকপুর চিড়িয়ামোড়ের কাছে নতুন ভবনে তা উঠে আসে। এবার ব্রিটিশ আমলে তৈরি হওয়া ওই কোর্ট সংস্কার করে চালু করার উদ্যোগ নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হাইকোর্টের কাছে দরবার করেছেন আইনজীবীরা। এ ব্যাপারে রাজ্য পূর্তদপ্তর এবং আইন দপ্তর উদ্যোগী হয়েছে। বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড থেকে লিজের নবীকরণের পরই কাজ শুরু হবে বলে দপ্তর সূত্রে খবর। পুরনো বারাকপুর মহকুমা আদালতের পাশেই রয়েছে বারাকপুর থানা। এছাড়়া কোর্ট চত্বরের উপর নির্ভর করে সেখানে অনেক দোকানও গজিয়ে উঠেছিল। কোর্ট বন্ধ হয়ে যাওয়ার পর সেই সব দোকান ধুঁকছে। এদিকে, ক্রিমিন্যাল কোর্ট এখন নতুন বিল্ডিংয়ে চলছে। তবে, সিভিল কোর্ট এখনও পুরোপুরি এই আদালতে চালু হয়নি। নেই সিনিয়র ডিভিশন সিভিল জাজ। এটা চালু করার জন্য আইনজীবীরা অনেকদিন ধরে দাবি করছেন। তাই পুরনো কোর্ট ভবনটি সংস্কার করে সেখানে সিভিল কোর্ট চালু করার দাবি জানিয়েছেন বারের সদস্যরা। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে হাইকোর্টের জোনাল জাজের কাছে এই আবেদন করা হয়েছে। সোমবার পুরনো কোর্ট চত্বরে গিয়ে দেখা গেল, আগে যে সব জায়গা আইনজীবী, বিচারপ্রার্থীদের ভিড়ে গম গম করত, এখন সেগুলি ফাঁকা, শুনশান। ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে একেবারেই বেহাল হয়ে পড়েছে। রীতিমতো ভগ্নদশা। তবে ভিতরে এখনও আবগারি দপ্তরের অফিস রয়েছে।
Advertisement
বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ২০২০ সালে নতুন কোর্ট চালু হয়েছে। তার আগে ব্রিটিশ আমলে চালু কোর্টেই কাজ চলত। ফলে, এই কোর্টের বিশেষ গুরুত্ব রয়েছে। বহু গুরুত্বপূর্ণ রায় এই কোর্টে হয়েছিল। আমরা এই কোর্টকে বাঁচিয়ে রাখতে চাই। সেই মতো আমরা সরকারের কাছে আবেদনও রেখেছি। পূর্তদপ্তরের পক্ষ থেকে ভবনটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করবে বলে জানা গিয়েছে। আমরা পুরনো মহকুমা আদালতে সিভিল কোর্ট চালু করার জন্য দাবি জানিয়েছি। এই কোর্ট এখানে চালু হয়ে গেলে বিচারপ্রার্থীদের অকারণে হয়রান হতে হবে না। বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড থেকে লিজ পুনর্নবীকরণ করার পরই সেই প্রক্রিয়া শুরু হবে। খুব শীঘ্রই নতুন করে সাজতে চলেছে পুরনো কোর্ট।



