সংবাদদাতা বেলদা: নারায়ণগড় রাজা হৃষিকেশ লাহা উচ্চশিক্ষা নিকেতনের মাঠে বৃহস্পতিবার আয়োজিত হল সপ্তম খড়্গপুর মহকুমাস্তরীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে, বিডিও কৌশিক প্রামাণিক সহ অন্যান্য অতিথিরা। বিগত কয়েকদিন ধরে খড়্গপুর মহকুমার ২৪টি চক্রে আয়োজন করা হয়েছিল সার্কেল স্পোর্টস। আর সেই প্রতিযোগিতায় সফলদের নিয়ে এদিন আয়োজন হয় মহকুমাস্তরীয় প্রতিযোগিতা। এদিন মহকুমার ২৪টি চক্রের প্রায় ১২০০জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মহকুমার অন্তর্গত সমস্ত অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশুশিক্ষা সমূহের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Advertisement
উদ্বোধনী মঞ্চে মহকুমা শাসক বলেন, জাতীয় পতাকার রূপকার বীর বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর এই ব্লকে আমি পতাকা উত্তোলন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। লোধা শবর অধ্যুষিত এই এলাকায় শিক্ষা বিস্তারে উদ্যোগ নেওয়াই আমার কাজ। শিক্ষার বিস্তারের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের অবদান সমাজে অনস্বীকার্য। আমি তাঁদের কুর্নিশ জানাই। প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বলেন, যেভাবে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়েছেন তা অনস্বীকার্য। সংগঠকদের পক্ষে শিক্ষক মানস বাঁকুড়া, মুকুল ভুঁইয়া, অখিলবন্ধু মহাপাত্র বলেন, মুখ্যমন্ত্রী এই প্রতিযোগিতা আয়োজনের জন্য যেভাবে অর্থ বরাদ্দ করেছেন তা আগে কখনও হতো না। আগে শিক্ষকদের নিজেদের পকেটের অর্থ খরচ করে এই প্রতিযোগিতার আয়োজন করতে হতো। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাই।-নিজস্ব চিত্র



