Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নারীশিক্ষায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন তালিবান মন্ত্রীরই

অবিলম্বে নারীশিক্ষার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক প্রশাসন। মেয়েদের অধিকার কেড়ে নেওয়া ঠিক নয়। শনিবার এই ভাষাতেই তালিবান সরকারের নিন্দা করলেন আফগানিস্তানের উপ বিদেশমন্ত্রী শের আব্বাস স্তানিকজাই।

নারীশিক্ষায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন তালিবান মন্ত্রীরই
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কাবুল: অবিলম্বে নারীশিক্ষার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক প্রশাসন। মেয়েদের অধিকার কেড়ে নেওয়া ঠিক নয়। শনিবার এই ভাষাতেই তালিবান সরকারের নিন্দা করলেন আফগানিস্তানের উপ বিদেশমন্ত্রী শের আব্বাস স্তানিকজাই। এদিন খোস্ত প্রদেশে একটি ধর্মীয় স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই নারীশিক্ষার উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেন উপ বিদেশমন্ত্রী। স্তানিকজাই বলেন, ‘অতীতেও এই নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা ছিল না। আজও নেই।’ এই স্তানিকজাই ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই সময় বন্ধুমহলে ‘শেরু’ বলে পরিচিত ছিলেন।
Advertisement
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরেই ষষ্ঠ শ্রেণির উপর মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। এবার শিক্ষা ব্যবস্থা নিয়ে সরাসরি সরকারের বিরোধিতা করলেন এক মন্ত্রী। এক্স হ্যান্ডলে দেওয়া ভিডিওতে তিনি বলেন, ‘শীর্ষ নেতৃত্বের কাছে ফের শিক্ষার দরজা খুলে দেওয়ার আর্জি জানাচ্ছি। দেশের জনসংখ্যা ৪ কোটি। তার মধ্যে ২ কোটি নাগরিকের সঙ্গে অবিচার করা হচ্ছে। কেড়ে নেওয়া হয়েছে সমস্ত অধিকার। শরিয়তি আইনে এমন কিছু লেখা নেই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।’ 
এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও নারীশিক্ষায় নিষেধাজ্ঞা নিয়ে উল্টো সুর শোনা গিয়েছে তালিবান সরকারের এই মন্ত্রীর গলায়। এক সময় জোর গলায় দাবি করেছিলেন, এর জেরে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হচ্ছে। তবে এবার সরাসরি তালিবান নেতা আখুন্দজাদার কাছেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন রাখলেন তিনি। প্রকাশ্যে প্রশ্ন তুললেন সরকারি নীতি নিয়ে। তালিবান সরকার কি স্তানিকজাইয়ের কথা রাখবে? উত্তরের অপেক্ষায় আন্তর্জাতিক মহল।
Advertisement
সম্পর্কিত সংবাদ