Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিরাপত্তা ব্যবস্থা দেখতে জেলা আদালতে পুলিস আধিকারিক

নিরাপত্তা ব্যবস্থা দেখতে জেলা আদালতে পুলিস আধিকারিক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দিন কয়েক আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিসকে গুলি করে প্রিজন ভ্যান থেকেই পালিয়ে গিয়েছিল খুনের ঘটনায় অভিযুক্ত। এই ঘটনার পর বারাসত আদালতের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন বারাসতের এসডিপিও বিদ্যাগর আজিঙ্কে অনন্ত। শুক্রবার বাহিনী সমেত বারাসত জেলা আদালতে আসেন পুলিসের এই আধিকারিক। উত্তর ২৪ পরগনা জেলার জজ আদালত হল বারাসত। জেলা জজ বসেন। এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে। আছে আটটি এডিজে কোর্ট, পকসো আদালত। আইনজীবী ও মুহুরিদের সেরেস্তাও রয়েছে। বারাসত পুলিস জেলা ও বিধাননগর পুলিস কমিশনারেট এলাকার অভিযুক্তদের আনা হয়। তাছাড়া দমদম সেন্ট্রাল জেল থেকেও আনা হয় আসামীদের। ফলে আদালতে প্রিজন ভ্যানের ভিড় লেগেই থাকে। এখানে দু’টি গেট রয়েছে। তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। খুনের ঘটনায় অভিযুক্তদের লকআপ থেকে হাঁটিয়ে আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা প্রিজন ভ্যানে তোলা হয়। এই কাজে নিরাপত্তায় যেন কোনও ফাঁকফোকর না থাকে তা নিশ্চিত করতেই এদিন আগমন পুলিস আধিকারিকের। এসডিপিও অন্যান্য সবকিছুর সঙ্গে সিসি ক্যামেরার নজরদারির ব্যবস্থা খতিয়ে দেখেন। বলেন, ‘নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখতেই পরিদর্শন করেছি।’ আদালতের আইনজীবীরা বলেন, ‘আদালত চত্বরে তেমন কড়া নিরাপত্তা নেই। যে কোনও সময় উত্তর দিনাজপুরের মতো ঘটনা ঘটতে পারে। নিরাপত্তা জোরদার করা দরকার।’
Advertisement
সম্পর্কিত সংবাদ