নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে নারকেলডাঙা থানা এলাকায় দু’পক্ষের বিবাদে জখম হয়েছেন এক যুবক। অভিযোগ, তাঁর গায়ে গরম দুধ ঢেলে দেয় পাল্টা গোষ্ঠীর লোকজন। গরম দুধে ঝলসে যায় তাঁর শরীর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে দু’পক্ষের তিনজন করে মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
শনিবার সন্ধ্যায় নারকেলডাঙা নর্থ রোডে ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, সেখানে কয়েকটি বাচ্চা খেলছিল। তাদের হট্টগোলে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগ, তিনি একটি বাচ্চাকে মারধর করেন। এরপর ওই বাচ্চার পরিবারের সদস্যরা তেড়ে আসেন। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। প্রাথমিকভাবে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, ঘটনাস্থলের কাছেই একটি দোকানে গরম দুধ ফুটছিল। সেই ডেকচি থেকে ফুটন্ত দুধ নিয়ে যুবকের দিকে ছুড়ে দেয় ওই বাচ্চার পরিবারের সদস্যরা। এরপর এলাকায় উত্তেজনা আরও বাড়ে। আহত যুবককে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসার পর অবশ্য ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।



