Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্দেশ কার্যকর করে হাইকোর্টে হাজিরা, এবার বেতন হাতে পাবেন পুরকর্তা

নির্দেশ কার্যকর করে হাইকোর্টে হাজিরা, এবার বেতন হাতে পাবেন পুরকর্তা
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে হাইকোর্টের নির্দেশ কার্যকর হয়েছে। তাই এবার বেতন হাতে পাবেন সংশ্লিষ্ট ডিরেক্টর অফ লোকাল বডি বা ডিএলবি। বহরমপুর পুরসভায় কর্মরত এক ব্যক্তির অবসরকালীন প্রাপ্য ও পেনশন বাবদ যাবতীয় অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ কার্যকর না করায় ডিএলবি তাপসকুমার বাগচীর বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
Advertisement
শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজিরা দিয়ে তাপসবাবু জানান, নির্দেশ অনুযায়ী ওই ব্যক্তির যাবতীয় প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়েছে। তবে বিচারপতি সিনহা বলেন, ‘ওই ব্যক্তি ২০১৭ সালে অবসর গ্রহণ করেছেন। এতদিন পর তিনি প্রাপ্য হাতে পাচ্ছেন। তাহলে তাঁকে কেন সুদ দেওয়া হবে না?’ নির্দেশে বিচারপতি সিনহা জানান, মামলাকারীকে তাঁর অবসর গ্রহণের দিন থেকে যাবতীয় প্রাপ্যর উপর ৭ শতাংশ হারে সুদও মিটিয়ে দিতে হবে। এরপরই ডিএলবি তাপসকুমার বাগচীর বেতন অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা।    
ঘটনা হল, মামলাকারী ভবানীশঙ্কর রায় মুর্শিদাবাদের বহরমপুর পুরসভায় জল সংক্রান্ত বিভাগের সুপার হিসেবে ১৯৯৭ সালে অস্থায়ী নিয়োগ পেয়েছিলেন। ১৯৯৮ সালের মার্চ মাসে পুরসভার নির্বাচিত সদস্যরা তাঁকে ওই পদেই স্থায়ী নিয়োগ দেওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি ২০১৭ সালের অবসর গ্রহণ করলেও অবসরকালীন প্রাপ্য হিসেবে কোনও টাকা পাচ্ছিলেন না। হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় আড়াই বছর আগেই তাঁর প্রাপ্য মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর না করায় ডিএলবি’র বেতন বন্ধ করে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। 
সম্পর্কিত সংবাদ