Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নারীদের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে লন্ডনে বৈঠক স্মৃতির

নারীদের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে লন্ডনে বৈঠক স্মৃতির
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ভবিষ্যতে মহিলাদের নেতৃত্ব প্রদানের বিষয় নিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে (এলএসই) বৈঠক। সম্প্রতি আয়োজিত এই বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। ছিলেন ব্রিটেনের নানা প্রান্ত থেকে আসা একাধিক সংস্থার মহিলা সিইও, ডিরেক্টর ও শীর্ষ স্থানীয় আধিকারিকরা।
Advertisement
বৈঠকের নেপথ্যে ছিলেন এলএসই-র রুহি খান,ইনফোসিসের হেমা প্রেম ও টেক সি ক্যানের ক্লেয়ার থর্ন। আলোচনা চলাকালীন প্রযুক্তি ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, নারী নেতৃত্বের পথে প্রতিবন্ধকতা, মেয়েদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষা (এসটিইএম এডুকেশন) এবং নিজের রাজনৈতিক জীবন সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন প্রাক্তন মন্ত্রী। পুরুষ প্রভাবিত রাজনৈতিক আবহে তাঁর অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে ইরানি বলেন, ‘রাজনীতিতে নিজেকে কখনও একজন মহিলা প্রার্থী হিসেবে দেখিনি। আর পাঁচটা রাজনীতিবিদের মতোই কাজ করেছি। তখন আমার সাত বছর বয়স। প্রতিজ্ঞা করেছিলাম, একদিন ঠিক উর্দিধারী পুরুষ আমায় স্যালুট করবেন।’
প্রাক্তন মন্ত্রী আরও জানান, জীবনে ‘আর্ট অফ নেগোশিয়েশনস’ খুবই গুরুত্বপূর্ণ। বহু ক্ষেত্রে আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটি মধ্যস্থতায় পৌঁছনই বুদ্ধিমানের কাজ। হাতে প্রয়োজনীয় তথ্য ও মাথায় স্বচ্ছ পরিকল্পনা থাকলে সহজেই তা করা যাবে। এদিনের বৈঠকে ভারত-ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও নিজের মতামত জানান প্রাক্তন মন্ত্রী। বলেন, এটা শুধুমাত্র একটি চুক্তির কাগজ নয়। একটু গভীরভাবে বিবেচনা করলে এর মধ্যে কর্মসংস্থানের সম্ভাবনা সহ নানা গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করা যাবে। বৈঠকের অন্যতম আয়োজক রুহি খান জানান, রাজনৈতিক ও গণমাধ্যম ক্ষেত্রে স্মৃতি ইরানির দীর্ঘ অভিজ্ঞতা এই আলোচনাকে আরও সমৃদ্ধ করেছে। একই সুর শোনা যায় হেমা প্রেমের বক্তব্যেও।
Advertisement
সম্পর্কিত সংবাদ