সংবাদদাতা, কল্যাণী: পুলিসের ঘেরাটোপে হরিণঘাটা থানার নগরউখরার দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল সরস্বতী পুজো। কারণ বেশ কিছুদিন আগে পুজো নিয়ে চাপানউতোর শুরু হয়েছিল। অভিযোগ, স্থানীয় এক যুবক স্কুলে পুজো করতে বাধা দিচ্ছিল। সে হুমকিও দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি মিটমাট করতে দু’পক্ষ ও স্থানীয়দের নিয়ে থানায় আলোচনায় বসে পুলিস। সেখানে সিদ্ধান্ত হয়, স্থানীয়দের সহযোগিতায় ওই স্কুলে পুজো হবে। পুলিস পাহারা থাকবে সেখানে। সেইমতো এদিন সকাল থেকে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুজো হচ্ছে। শুধুমাত্র স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ছাড়া স্কুলের ভিতরে অন্যদের প্রবেশ নিষেধ ছিল। তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় অভিভাবক সুজিত সাঁতরা বলেন, যেখানে কচিকাঁচারা সরস্বতী পুজোর দিনে সেজেগুজে আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে সেখানে শিক্ষাঙ্গনে পুলিস এটা ভাবা যায় না। এত পুলিস ও তাদের হাতে বন্দুক দেখে বাচ্চারা ভয় পেয়েছে। ওদের পুজো এবছর পুরো মাটি।



