নয়াদিল্লি: ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধানসভা ভোটে একে অন্যের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে কংগ্রেস-বিজেপি। এই নিয়ে নির্বাচন কমিশনে পরস্পরের বিরুদ্ধে নালিশও ঠুকেছে দুই দল। এর ভিত্তিতে যুযুধান দু’পক্ষকেই নোটিস পাঠানো হল। শনিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাতে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব তলব করা হয়েছে। খাড়্গেকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছেন, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছেন কংগ্রেসের তারকা প্রচারকরা। সেখানে তাঁরা নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ জানিয়েছে বিজেপি। একইভাবে নাড্ডাকে পাঠানো চিঠিতে কংগ্রেসের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। দুই দলের প্রধানকেই আগামী সোমবার বেলা ১টার মধ্যে সরকারিভাবে জবাব জমা দিতে বলেছে নির্বাচন কমিশন।



