হ্যামিলটন: বৈভব সূর্যবংশী রবিবারও ভারতীয় দলে না থাকায় নেট দুনিয়ায় ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে ঝড় তোলার পরও শেষ দুই ম্যাচে বিস্ময় কিশোরের ঠিকানা হয়েছে ডাগ আউটে। এটা মানতে পারছেন না অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। তবে প্রধান কোচ গৌতম গম্ভীরকে তা স্পর্শই করছে না। এদিন ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলে তিনি সাফ জানিয়ে দেন যে, লোকজনকে খুশি করার জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না। ঠিক কী বলেছেন গম্ভীর? তাঁর কথায়, ‘প্রথমেই জানিয়ে রাখি, আমার কাজটা সবাইকে খুশি করা নয়। জনপ্রিয় সিদ্ধান্ত নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াই মূল কর্তব্য। আর সেজন্যই এই দায়িত্বে আমি রয়েছি।’
সাম্প্রতিক সময়ে যে ক্রিকেটাররা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে এসেছেন, তাঁদের উপর আস্থা রাখার কথাও শুনিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ। গম্ভীর বলেছেন, ‘জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজ কাজ। কিন্তু আমার কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাতে ড্রেসিং-রুমের কেউ নিজের জায়গা নিয়ে অনিশ্চয়তায় না ভোগে। এটা ঠিক যে, ভারতীয় দলে প্রতিভার ছড়াছড়ি। কিন্তু যে ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে দুরন্ত খেলে এসেছে, তাদের উপর ভরসা অবশ্যই রাখতে হবে।’
প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন রীতিমতো হতাশ সঞ্জুর পারফরম্যান্সে। ধারাভাষ্যের মাইক হাতে তিনি বলেন, ‘সঞ্জুর এই ছোট্ট ইনিংসে আমি বিস্মিত। ও খেলতেই পারছিল না কিউয়ি বোলারদের। কার্যত ওদের সুইংয়ের হদিশই পায়নি। খুব যন্ত্রণাদায়ক ইনিংস। ওকে মাথায় রাখতে হবে যে, দলে আসার লড়াই খুব জোরাল। বাইরে বৈভব বসে রয়েছে। ও একেবারেই ম্যাচ পাচ্ছে না।’ একই সুরে মন্তব্য রবি শাস্ত্রীরও। তাঁর মতে, ‘আরও একবার অল্প রানে আউট সঞ্জু। একেবারেই ছন্দহীন দেখাচ্ছিল ওকে। আমার মনে হয়, এই ম্যাচে বৈভবকে খেলানো উচিত ছিল।’



