Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

তিন মাসেও জোগাড় হয়নি সব ছাড়পত্র, নন্দীগ্রামে জাহাজ মন্ত্রকের প্রকল্পে সংশয়

শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে জেলিংহ্যাম শিপ বিল্ডিং এবং শিপ রিসাইক্লিং প্রকল্প নিয়ে তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে। গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

তিন মাসেও জোগাড় হয়নি সব ছাড়পত্র, নন্দীগ্রামে জাহাজ মন্ত্রকের প্রকল্পে সংশয়
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে জেলিংহ্যাম শিপ বিল্ডিং এবং শিপ রিসাইক্লিং প্রকল্প নিয়ে তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে। গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। প্রথমবারের জন্য রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে। অথচ রাজ্যে ক্ষমতায় আসার তিন মাস পরেও ওই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স জোগাড় করতে পারেনি বাংলার বিজেপি সরকার। সংসদে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়েছে, প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ এখনও পর্যন্ত শুরুই করা যায়নি। পুরো প্রকল্পের জন্য অনুমোদিত বরাদ্দের পরিমাণ প্রায় দু’হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম পর্যায়ের কাজের জন্য খরচ হওয়ার কথা কমবেশি ২০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের জেলারই একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে আটকে থাকবে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। 

Advertisement

নন্দীগ্রামের জেলিংহ্যাম শিল্প বিল্ডিং এবং শিপ রিসাইক্লিং প্রকল্প নিয়ে সংসদে লিখিত প্রশ্ন করেছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্যসভায় তার লিখিত জবাবে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানিয়েছেন, ‘প্রকল্পের কাজ শুরুর জন্য কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) ক্লিয়ারেন্স, ট্রি ফেলিং পারমিশন, পরিবেশমন্ত্রকের কাছ থেকে কম্প্রিহেনসিভ মেরিন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের মতো একাধিক নথিপত্র প্রয়োজন। এখনও পর্যন্ত রাজ্য সরকার এইসব ক্লিয়ারেন্সের কাগজপত্র জমা দিতে পারেনি। ভেসেল তৈরি কিংবা মেরামত সহ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজও শুরু করা যায়নি।’ 
এই প্রকল্পের ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে ২০২৫ সালের ৪ এপ্রিল। তারপর থেকে এক বছরেরও বেশি সময় কেটে গেলেও বিশেষ অগ্রগতি হয়নি। যদিও সেইসময় রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরেও কেন এসংক্রান্ত কাজ এগয়নি, তা নিয়ে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি হয়েছে। রাজ্যসভায় শমীক ভট্টাচার্যের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানিয়েছেন, ‘শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট অথরিটি উল্লিখিত জমি ২০২৫ সালের ৪ এপ্রিল লিজে দেয়। দু’টো সংস্থার মিলিত একটি কনসর্টিয়াম ‘গ্যাঞ্জেস শিপ-ইয়ার্ড প্রাইভেট লিমিটেড’কেই তা দেওয়া হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ শুরুর জন্য ওই কনসর্টিয়ামের ক্লিয়ারেন্স একান্তই প্রয়োজন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ