Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

১৩ বছরের নীচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, সংসদে আসতে পারে বিল

সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকুক শিশুরা। ইতিমধ্যেই আইনি পথে বিষয়টা নিশ্চিত করেছে বিভিন্ন দেশ। এবার এব্যাপারে নিয়ন্ত্রণ চেয়ে সংসদে আসতে চলেছে প্রাইভেট মেম্বার্স বিল।

১৩ বছরের নীচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, সংসদে আসতে পারে বিল
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকুক শিশুরা। ইতিমধ্যেই আইনি পথে বিষয়টা নিশ্চিত করেছে বিভিন্ন দেশ। এবার এব্যাপারে নিয়ন্ত্রণ চেয়ে সংসদে আসতে চলেছে প্রাইভেট মেম্বার্স বিল। এতে ১৩ বছরের কমবয়সিদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। ব্যক্তিগত উদ্যোগে এই বিলের প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা। 

Advertisement

‘সেফগার্ডিং হেলদি ইন্টারনেট এনভায়রনমেন্টস ফর লিটল ডিজিটাল-নেটিভস’ নামে এই বিলে নাবালকদের জন্য নির্দিষ্ট কিছু অনলাইন নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিলে ১৮ বছরের কম বয়সিদের ‘শিশু’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পরিষেবা, অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির জন্য বিশেষ নিরাপত্তাবিধি চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি, অভিভাবকদের জন্য বিশেষ ‘প্যারেন্টাল কন্ট্রোল ড্যাশবোর্ড’ চালুর কথাও বলা হয়েছে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানের অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণ, গোপনীয়তা সংক্রান্ত সেটিংস নিয়ন্ত্রণ এবং স্ক্রিন টাইম সীমিত করতে পারবেন। শিশুদের অনলাইন আচরণ নিয়ে তথ্য সংগ্রহ করে তাদের প্রোফাইল তৈরি করা বা সেই তথ্যের ভিত্তিতে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখানোও নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে বিলে। শুক্রবার সংসদে এই বিল সহ দু’টি প্রাইভেট বিল পেশ হওয়ার কথা ছিল। তবে বার বার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় তা পেশ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, প্রাইভেট বিল আইনে পরিণত হওয়ার নজির খুব কম। স্বাধীনতার পর থেকে এখনও কয়েকটি মাত্র বিল সংসদের দুই কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ