প্রয়াগরাজ: নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন আছড়ে পড়েছিল সারা দেশে। তার জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে এতেও ক্ষোভ সামাল দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় দেশের শিক্ষাব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার প্রয়াগরাজে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন ভারতে শিক্ষার শংসাপত্রের কোনো দাম নেই। কারণ সরকার আপনাকে চাকরি দেবে না।’ তিনি আরও বলেন, ‘কর্মসংস্থানের সব দরজা এখন বন্ধ হয়ে গিয়েছে। শিল্পোৎপাদন কমেছে, ঋণ নেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মসংস্থান কমে যাওয়া—এসব বিষয় তরুণদের ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।’



