Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাফাইকর্মী খুনে এখনও কেউ গ্রেপ্তার হয়নি

সাফাইকর্মী খুনে এখনও কেউ গ্রেপ্তার হয়নি
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সাফাইকর্মী মিলন দলুই খুনের ঘটনায় ইতিমধ্যে প্রায় ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। যদিও এই ঘটনায় পুলিস এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। অন্যদিকে, খুনের ঘটনায় ব্যবহৃত হাতিয়ারও এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলেই পুলিস সূত্রে জানা গিয়েছে। ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা পুলিসের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নন। পরিবারের সদস্যদের দাবি, খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। এদিকে তদন্তকারী পুলিস কর্তাদের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।  দ্রুত খুনের ঘটনার কিনারা হবে। এক পুলিস আধিকারিক বলেন, খুনের কাজে ব্যবহৃত হাতিয়ার উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি খুনের ঘটনার কিনারা হবে। 

Advertisement

চলতি সপ্তাহের সোমবার সাতসকালে সিউড়ি পুর এলাকা লাগোয়া তিলপাড়া পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তপল্লির ফাঁকা জমি থেকে মিলন দলুইয়ের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার হয়েছিল। মৃতদেহের মুখের ডান দিকের অংশ থেঁতলানো ছিল। অন্যদিকে অর্ধনগ্ন শরীর, তাঁর নিম্নাঙ্গে পোশাক ছিল না। ঘটনায় খুনের অভিযোগ করে মৃতের পরিবারের সদস্যরা পুলিসের দ্বারস্থ হয়েছেন। পরিবারের সদস্যদের আশঙ্কা, সম্প্রতি এক দুধ বিক্রেতাকে দুষ্কৃতী হামলা থেকে বাঁচানোই তাঁর কাল হয়েছে। ঘটনায় সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্তের জাল গোটাচ্ছে পুলিস। সন্দেহের ভিত্তিতে চলছে জিজ্ঞাসাবাদও। যদিও খুনির হদিস এখনও মেলেনি। সেইসঙ্গে খুনের কাজে ব্যবহৃত হাতিয়ারও উদ্ধার করতে পারেনি পুলিস। থেঁতলানো মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিসের আশঙ্কা ভোঁতা কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল মিলনকে। পুলিসের প্রাথমিক অনুমান, পাথর কিংবা লোহার কোনও বস্তু হতে পারে। কিন্তু সঠিক কী তা এখনও স্পষ্ট নয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ