নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফলক দেখেই খুশি তাঁরা। এবার রান্নাঘরের মূল সমস্যার সমাধান হবে। চওড়া হচ্ছে গিন্নিদের মুখের হাসি। কারণ, রাজপুর সোনারপুর পুরসভার একটি অংশে পাইপ বাহিত গ্যাসের লাইন বসানোর কাজ শেষ করেছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। সাধারণত দেখা যায়, বিভিন্ন রাস্তা, পাড়ায় কোনও প্রকল্পের ফলক বসলেও অনেক সময় তা উধাও হয়ে যায়। কখনও ভেঙে পড়ে ধুলোয় গড়াগড়ি খায়। কেউ ফিরেও তাকান না। কিন্তু গ্যাসের পাইপলাইনের ফলক বসার পরই যেন মুখে চওড়া হাসি ফুটেছে বাড়ির মহিলাদের। জয়শ্রী মণ্ডল নামে ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, এই পরিষেবা শুরু হলে, গ্যাস শেষ হওয়ার পর যে ঝক্কি পোহাতে হতো, সেটা আর হবে না। দিনক্ষণ মনে রেখে বুকিংয়ের ঝামেলা নিতে হবে না। ১৮ নম্বর ওয়ার্ডের মানসী দত্তের কথায়, হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে মহা বিপাকে পড়তে হয়। অন্যদের কাছে চেয়ে কাজ চালাতে হয়। সেই হ্যাপাও কমবে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে সোনারপুর, রাজপুর, হরিণাভি, কোদালিয়া, সুভাষগ্রাম সহ একাধিক জায়গায় বেঙ্গল গ্যাস কোম্পানির পাইপলাইন বসানো হয়েছে। স্থানগুলি মূলত ৮, ১৬, ১৭, ১৮, ১৯ এবং ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কাজ শেষে মোড়ে মোড়ে বসেছে তারই ফলক। অলিগলি মিলিয়ে ৪৬.৫ কিলোমিটার পাইপ বসিয়ে ফেলেছে গ্যাস কর্তৃপক্ষ। মেইন রোডে বসেছে সাড়ে ১০ কিলোমিটার পাইপ। এটা মূল লাইন। এর মাধ্যমেই গলিতে বসানো পাইপে যাবে গ্যাস। সেখান থেকে বাড়ির রান্নাঘরে।



