সংবাদদাতা, বোলপুর: গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বুধবার এক বালি মাফিয়াকে গ্রেপ্তার করল নানুর থানার পুলিস। ধৃতের নাম আশরাফুল শেখ ওরফে আজহার। মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত আশরাফুল সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরবর্তীতে বিয়ে করতে চেয়ে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল শুরু করে আশরাফুল। গৃহবধূ রাজি না হওয়ায় তাঁকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই গৃহবধূ গতবছর নভেম্বর মাসে বিষ খেয়ে আত্মহত্যা করেন। এরপর মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে নানুর থানার পুলিস। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাবা।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরে অজয় নদ সংলগ্ন এলাকায় একাধিক বৈধ ও অবৈধ ঘাট রয়েছে বালি মাফিয়া আশরাফুলের। ওই এলাকায় রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে। এভাবেই নিজের প্রভাব বিস্তার করেছিল আশরাফুল। নানুরের মঙ্গলপুরে ওই গৃহবধূকে সরকারি চাকরি দেওয়ার টোপ দেয় বলে অভিযোগ। ওই গৃহবধূ তাঁর যাবতীয় কাগজপত্র জমাও দেন। এরপর একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ক্যামেরাবন্দি করে রাখে। পরে সেগুলি ব্যবহার করে ওই গৃহবধূকে লাগাতার ব্ল্যাকমেল করতে থাকে অভিযুক্ত। এমনকী, ওই গৃহবধূর চার বছরের ছেলে থাকা সত্ত্বেও বিয়ের জন্যও ক্রমাগত চাপ দিতে থাকে আশরাফুল। তাতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ মৃতার বাবার। বারবার হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই গৃহবধূ। গতবছর ৩০ নভেম্বর সকালে বাপেরবাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ১ডিসেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মৃতার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর বুধবার অবশেষে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে নানুর থানার পুলিস।
অভিযুক্তের গ্রেপ্তারের খবরে মৃতার পরিবার সন্তুষ্ট। মৃতার বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে। তারজন্য আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ওর কঠোর শাস্তির দাবি করছি।
(ধৃত আশরাফুল শেখ। -নিজস্ব চিত্র)