সংবাদদাতা, বারুইপুর: নিম্নমানের সামগ্রী দিয়ে স্লুইস গেট মেরামতের কাজ চলছিল। প্রতিবাদে এলাকার বাসিন্দারা কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হলেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে কুলতলির অম্বিকানগর কেল্লার কাছে। কুলতলি ব্লকের পিয়ালি নদীর উপর তৈরি কুন্দখালি ও মেরিগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সংযোগকারী এই স্লুইসগেট। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের রড দেওয়া হচ্ছে। পরিমাণ মতো বালি ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। ঢালাই করা অংশ ফেটে যাচ্ছে। যে ঠিকাদার সংস্থা কাজ করছে তাঁরা এই কাজের ওয়ার্ক অর্ডার দেখাতে পারেনি। পরে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডলের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বিধায়ক বলেন, যে ঠিকাদার সংস্থা কাজ করছে তাদের কাগজপত্র জমা করতে বলা হয়েছে। তারপর তা দেখে কাজের অনুমতি দেওয়া হবে।



