সংবাদদাতা, পুরুলিয়া: সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন পুরুলিয়া জেলার বিএমওএইচদের একাংশ। কেউ একটি জায়গায়, কেউ আবার একাধিক জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করছেন বলে অভিযোগ। কেউ কেউ আবার নির্দিষ্ট ব্লকের বাইরে গিয়েও চেম্বারে বসছেন বলে অভিযোগ। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় মোট কুড়িটি ব্লকের বিএমওএইচদের মধ্যে বেশ কয়েকজন চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন। আরও জানা গিয়েছে, মানবাজার এবং ঝালদা মহকুমার একাধিক ব্লকে বিএমওএইচদের এরকম প্রবণতা বেশি বলে স্বাস্থ্যদপ্তরের কাছে খবর রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যদপ্তরের ব্লক থেকে জেলা স্তরের আধিকারিকরা কেউ কোনওভাবেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য অনুমোদন নেওয়ার বিষয় থাকলেও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের ক্ষেত্রে সেরকম সুযোগও নেই। কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এভাবেই চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এমনকী প্রাইভেট প্র্যাকটিসের জেরে অনেক সময়ে ব্লক হাসপাতালে ওই আধিকারিকদের পাওয়া যায় না বলেও অভিযোগ। হাসপাতালে আসা সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। তবে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়মকে তোয়াক্কা না করে কারা চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে চলেছেন সে বিষয়ে ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।



