নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে শহরে এক নামী ভুজিয়া সংস্থার মালিকের ছেলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলার শুনানি অবশেষে শুরু হল। শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতে রুদ্ধদ্বার কক্ষে চলে এই শুনানিপর্ব। এদিন প্রথম সাক্ষ্য দেন অভিযোগকারিণী। তাঁর সাক্ষ্য অসমাপ্ত থাকে। আগামী ২৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২৮ জানুয়ারি কলকাতার শেক্সপিয়র সরণি থানায় ‘নির্যাতিতা’ ধর্ষণের মামলা দায়ের করেন ভুজিয়া সংস্থার মালিকের ছেলে ও এক ম্যানেজারের বিরুদ্ধে। পুলিস তদন্তে নেমে অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করে। কিন্তু মূল অভিযুক্ত চম্পট দেন। গ্রেপ্তারি এড়াতে তিনি তৎকালীন কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের এজলাসে আগাম জামিনের আর্জি জানান। কিন্তু তা খারিজ হয়ে যায়। পরে উচ্চ আদালত অভিযুক্তের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে। আদালত সূত্রে জানা গিয়েছে, বছর বত্রিশের অভিযোগকারিণী কাজ পাওয়ার আশায় গিয়েছিলেন ভুজিয়া সংস্থার মালিকের ছেলের কাছে। অভিযোগ, মহিলাকে বহুতলের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এই কাজে সহযোগিতা করেন সংস্থার এক ম্যানেজার। তাঁর বিরুদ্ধে মহিলার নানা আপত্তিকর ছবি তোলার অভিযোগ রয়েছে। ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে পুলিস দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। অভিযোগকারিণী ব্যাঙ্কশাল কোর্টে গোপন জবানবন্দি পেশ করেন। পুলিস নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করে। ব্যাঙ্কশাল থেকে মামলাটি বিচারের জন্য যায় কলকাতা নগর দায়রা আদালতে। সেখানে চার্জ গঠন করে অবশেষে শুরু হল বিচার প্রক্রিয়া।



