Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নীলকান্ত সরকারের ফেরার অপেক্ষায় পরিবার, এমনই জবাব দেওয়া উচিত পুলিসের, মন্তব্য গুলিবিদ্ধ এএসআইয়ের মা’র

নীলকান্ত সরকারের ফেরার অপেক্ষায় পরিবার, এমনই জবাব দেওয়া উচিত পুলিসের, মন্তব্য গুলিবিদ্ধ এএসআইয়ের মা’র
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: কর্তব্য পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ছেলে এএসআই নীলকান্ত সরকার। এবার পাল্টা পুলিসের গুলিতে পলাতক আসামি সাজ্জাক আলমের মৃত্যুতে কড়া প্রতিক্রিয়া দিলেন নীলকান্তের মা ফেলুরানি সরকার। তাঁর মন্তব্য, যাঁরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেন, তাঁরা আক্রান্ত হলে এধরনেরই জবাব দেওয়া উচিত। 
Advertisement
বুধবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় দুই পুলিসকর্মী এএসআই নীলকান্ত সরকার ও কনস্টেবল দেবেন বৈশ্যকে গুলি করে পালায় খুনের ঘটনায় অভিযুক্ত সাজ্জাক। ঘটনার পর নীলকান্তর মায়ের মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। তাঁর কথায়, আমার ছেলের কিছু হয়ে গেলে কী করতাম! ও কর্তব্য পালন করতে সেদিন অভিযুক্ত সাজ্জাককে নিয়ে ইসলামপুর থেকে রায়গঞ্জে ফিরছিল। কিন্তু জেলবন্দি সাজ্জাক কেন গুলি চালাল? পুলিসও পাল্টা গুলি করে মেরে যোগ্য জবাব দিয়েছে।
নীলকান্তর পৈত্রিক বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে হলেও বৃদ্ধ মা ও পরিবারকে সঙ্গে নিয়ে রায়গঞ্জে কর্ণজোড়ার পুলিস কোয়ার্টারে থাকতেন। তবে ছেলের শারীরিক অবস্থা নিয়ে এখনও চিন্তা কাটছে না ফেলুরানির।  শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নীলকান্ত ভালো রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় মা। অন্যদিকে সাজ্জাককে পালাতে সাহায্য করা আব্দুল হোসেনের বিরুদ্ধে পুলিস কঠোর ব্যবস্থা নিক, এমনটাই চাইছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ