সংবাদদাতা, রামপুরহাট: হাইকোর্টের নির্দেশে বুধবার নলহাটির ভদ্রপুরে পিডব্লুডির জায়গা দখলমুক্ত করল পুলিস প্রশাসন। পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে ওই গ্রামে পিডব্লুডির জায়গা দখল করে বেশকিছু দোকান গজিয়ে ওঠে। যার জেরে শুভাশিস ভট্টাচার্যর যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। ২০২২ সালে তাঁর স্ত্রী মৌসুম ভট্টাচার্য এনিয়ে হাইকোর্টে মামলা করেন। সম্প্রতি রায় তাঁর পক্ষে গিয়েছে। সেই জায়গা দখলমুক্ত করার জন্য পুলিস প্রশাসনকে নির্দেশ দেয় হাইকোর্ট। সেইমতো এদিন পুলিস ও প্রশাসনের লোকজন দাঁড়িয়ে থেকে ওই জায়গা দখল করে থাকা বেশ কয়েকটি দোকান ভেঙে দেয়। শুভাশিসবাবু বলেন, পিডব্লুডির দুই শতক জায়গা দখল করে দোকানগুলি গজিয়ে উঠেছিল। যার জেরে আমাদের বেরনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এদিন সেই জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তি পেলাম।



