Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকাশিপাড়ায় অনলাইন জালিয়াতি কাণ্ডে ধৃত চার

নাকাশিপাড়ায় অনলাইন জালিয়াতি কাণ্ডে ধৃত চার
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অনলাইন জালিয়াতি কাণ্ডে চারজনকে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিস। ধৃতদের নাম ফারজান মণ্ডল, সৌভিক কর, অভিষেককুমার রজক, জিতেন্দ্র কুমার। মঙ্গলবার রাতে নাকাশিপাড়া থানার বামনডাঙা টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বুধবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনদিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিস জানিয়েছে। তবে তাদের থেকে নগদ টাকা বাজেয়াপ্ত হয়নি। 
Advertisement
কৃষ্ণনগর পুলিস জেলা ডিএসপি মত্তাকিনুর রহমান বলেন, ‘অনলাইন জালিয়াতির খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে হাতেনাতে চারজনকে পাকড়াও করা হয়। ধৃতদের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা আমরা খতিয়ে দেখছি।’
পুলিস জানতে পেরেছে, ধৃতরা বিভিন্ন নম্বরে ফোন করে সাধারণ মানুষকে নানাভাবে ফুসলিয়ে টাকা হাতাত। কাউকে বিদ্যুৎ বিল, আবার কাউকে অনলাইন ডেলিভারের ফাঁদে ফেলে টাকা হাতানো হচ্ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। ধৃত ফারজানের বাড়ি পলাশীপাড়া থানার বার্নিয়া এলাকায়। সৌভিকের বাড়ি নাকাশিপাড়া থানার বেথুয়াডহরিতে। অভিষেকের বাড়ি বিহারের পশ্চিম চম্পারণে। জিতেন্দ্রর বাড়ি বিহারের মাঝাউলিয়া এলাকায়। বিহার থেকে নাকাশিপাড়া এসে কেন ধৃতরা অনলাইন জালিয়াতি করছিল, তা তদন্ত করছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ