নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) থেকে ঋণ নিয়ে কাজ হওয়ার কথা ছিল। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও বেহালা, ঠাকুরপুকুর, মুকুন্দপুর, গড়িয়া সহ শহরের সংযুক্ত এলাকার বিস্তীর্ণ অংশে কেইআইআইপি প্রকল্পে নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করা যায়নি। উপরন্তু দেখা যাচ্ছে, নির্দিষ্ট কাজের জন্য যে নির্দিষ্ট বরাদ্দ ছিল, তা প্রায় শেষ। এই অবস্থায় বাকি পড়ে থাকা কাজ শেষ করতে এবং ঠিকাদারদের বকেয়া মেটাতে রাজ্য সরকারের দ্বারস্থ হল কলকাতা পুরসভা। কাজগুলি শেষ করার জন্য পুরসভা ১৭৮ কোটি টাকা চেয়েছে রাজ্যের কাছে।
Advertisement
বেশ কয়েক বছর ধরে চলা কেইআইআইপি প্রকল্পের কাজ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ রয়েছে। এমনকী, মেয়র ফিরহাদ হাকিম নিজে এই প্রকল্পের কাজ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। আধিকারিকদের একাংশের অভিযোগ, প্রকল্পের টাকাও সঠিকভাবে কাজে লাগানো হয়নি। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। বার বার সময়সীমা বেঁধে দেওয়ার পরও কাজ শেষ করা যায়নি। আর এখন শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে, বাকি কাজের জন্য টাকা নেই। সূত্রের খবর, এডিবির দেওয়া টাকার সামান্য অংশই বেঁচে রয়েছে। ফলে ঠিকাদারদের পাওনাও মেটানো যাচ্ছে না। এক পুরকর্তা বলেন, ‘কাজের প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সঠিকভাবে টেন্ডার করা হয়নি। পাইপলাইন পাতার পর সেখানকার রাস্তা মেরামত করে দেওয়ার কথা। কোনও কোনও টেন্ডারে সেই খাতের টাকা ধরাই হয়নি। এক জায়গায় আবার জলের লাইনের উপর দিয়ে নিকাশি পাইপ বসানো হয়েছে। পরে আবার তা সরিয়ে জলের লাইনের নীচ দিয়ে নিকাশি বসানো হয়। এভাবে নানা ভুলের খেসারত দিতে হয়েছে।’ তিনি আরও জানান, কেইআইআইপি প্রকল্পের ক্ষেত্রে কনসালটেন্সি নিয়োগ করা হয়। তারা সবদিক বিবেচনা করে পরামর্শ দেয়। তাহলে কীভাবে এমন বহু ভুল হল, তা নিয়ে প্রশ্ন উঠবেই।
কোন কোন কাজ এখনও বাকি? পুরসভা সূত্রে খবর, কোথাও পাইপলাইন পাততে হবে, কোথাও তৈরি করতে হবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি)। বেশ কিছু জায়গায় রাস্তা মেরামত এখনও করা হয়নি। সেই কাজও করতে হবে। সূত্রের খবর, ১১১ থেকে ১১৪ নম্বর ওয়ার্ড, ১২৫ নম্বর ওয়ার্ডে কিছু কাজ বাকি আছে। বেহালার মহাত্মা গান্ধী রোড এবং ডায়মন্ডহারবার রোডে দু’টি এসটিপি সহ একাধিক কাজ করতে হবে এখনও। বিভাগীয় এক পুরকর্তা বলেন, ‘এই প্রকল্পে রাজ্যের অংশীদারিত্বও রয়েছে। সেই সূত্রেই টাকা চাওয়া হয়েছে রাজ্যের কাছে।’