নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্কিং লট, বাজার সহ শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির ঘটনায় নরেন্দ্রপুরের এক গ্যাংকে পাকড়াও করল কলকাতা পুলিস। মঙ্গলবার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে ওয়াটগঞ্জ থানার পুলিস। ধৃতদের নাম সৌভিক সাহা, রূপম মণ্ডল ও বাপি মিস্ত্রি। এদিনই তাদের আদালতে পেশ করা হলে বিচারক ২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি খিদিরপুরের পার্কিং লট থেকে একটি বাইক চুরি যায়। মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ওয়াটগঞ্জ থানা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই অনুযায়ী নরেন্দ্রপুরের গ্যাংয়ের যোগসূত্র মেলে। এদিন সেখানে হানা দেয় পুলিস। ধৃতদের থেকে উদ্ধার হয় ওয়াটগঞ্জ থেকে চুরি যাওয়া বাইকটি। একইসঙ্গে, চুরি যাওয়া একটি বাইক ও একটি স্কুটার বাজেয়াপ্ত হয়। ধৃতরা পুলিসি জেরায় জানিয়েছে, গত এক মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে ১৮টি বাইক চুরি করেছে তাদের গ্যাং।



