সংবাদদাতা, কাকদ্বীপ: হারিয়ে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়িতে ফিরিয়ে দিলেন হ্যাম রেডিওর কর্মীরা। বুধবার রাতে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, প্রায় তিনদিন আগে কাকদ্বীপের পাহাড়ির চক এলাকায় বছর ছত্রিশের এক অচেনা মহিলা ঘোরাফেরা করছিলেন। তাঁকে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। গ্রামবাসীরা তাঁকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তখন এলাকাবাসীরা কাকদ্বীপ থানায় খবর দেন। কাকদ্বীপ থানার পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে একটি হোমে রাখে।
Advertisement
পরে হ্যাম রেডিওর কর্মীদের বিষয়টি জানানো হয়। তাঁরা ওই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন, তাঁর নাম মালতি বারিক। উচ্চারণ শুনে হ্যাম রেডিওর কর্মীরা অনুমান করেন, ওই মহিলা স্থানীয় বাসিন্দা নন। তাঁরা মালতির বাড়ির সন্ধান করতে থাকেন। শেষে জানা যায়, তাঁর বাড়ি কলকাতার পাটুলি থানা এলাকায়। মালতির পরিবারে স্বামী ও দুই মেয়ে রয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এমনকী ভিডিও কলে মেয়ের সঙ্গে তাঁকে কথা বলানো হয়। মাকে দেখে মেয়ে চিনতে পারেন। পরে পরিবারের লোকজন মালতিকে নিয়ে যাওয়ার জন্য কাকদ্বীপ থানায় আসেন।



