ওয়াশিংটন ও নয়াদিল্লি, ১১ মার্চ: শুল্ক যুদ্ধের জেরে মার্কিন অর্থনীতিতে মন্দা। সেই আর্থিক মন্দার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেননি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। আর তারপরেই সোমবার ওয়াল স্ট্রিটে নেমেছে ধস। একাধিক শেয়ারের দাম ক্রমশ কমেছে। হু হু করে নামছে মার্কিন প্রদেশের স্টক এক্সচেঞ্জের সূচকগুলির পয়েন্ট। ন্যাসড্যাক ৪ শতাংশ কমেছে। অপর এক সূচক এস অ্যান্ড পি ৫০০ ২.৭ শতাংশ পড়েছে। সূচক ডাও জোনস পড়েছে প্রায় ৮৯০ পয়েন্টে। এর জেরে ওয়াল স্ট্রিট থেকে উধাও হয়েছে ৪ লক্ষ কোটি (ট্রিলিয়ন) ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৪৯ লক্ষ ৪০ হাজার ৭৮৪ কোটি টাকা। এর ধাক্কা গোটা বিশ্বের উপর পড়েছে। ভারতের শেয়ার বাজারেও ধাক্কা লেগেছে। আজ, মঙ্গলবার মার্কেট খুলতেই হুড়মুড়িয়ে পড়ে নিফটি ও সেনসেক্স। পড়ছে ব্যাঙ্ক নিফটির সূচকও। যার ফলে বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। মূলত ট্রাম্পের নতুন শুল্ক নীতির জন্যই বেশ কয়েকদিন ধরেই অস্থির আমেরিকার স্টক মার্কেট। ন্যাসড্যাক থেকে শুরু করে এস অ্যান্ড পি ৫০০ সবেরই সূচকের পতন হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত সোমবার সর্বকালীন পতন হয়েছে ন্যাসড্যাক-এর সূচকে। ‘এস অ্যান্ড পি ৫০০’-এর সূচকেও ফেব্রুয়ারিতে সর্বোচ্চ স্থানে পৌঁছেও সেখান থেকে আট শতাংশ পতন হয়েছে। যা চিন্তার কারণ বলেই মত বিশেষজ্ঞদের।



