Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটিতে স্ত্রীকে গুলির ঘটনায় স্বামীর পুলিস হেফাজত

নৈহাটিতে স্ত্রীকে গুলির ঘটনায় স্বামীর পুলিস হেফাজত
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: নৈহাটিতে গৃহবধূকে গুলিকাণ্ডে স্বামী মহেন্দ্রপ্রতাপ ঘোষকে রবিবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে। বারাকপুর কমিশনারেটের ডিসি (নর্থ) গণেশ বিশ্বাস বলেন, লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাংসারিক অশান্তির জেরেই শনিবার রাতে নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে স্ত্রীকে গুলি করার অভিযোগ উঠেছে মহেন্দ্রপ্রতাপের বিরুদ্ধে। স্ত্রীর শরীরে পরপর তিনটি গুলি লেগেছে। নৈহাটির শিবদাসপুর থানার রাজেন্দ্রপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও জেরায় ধৃত জানিয়েছে, পিস্তল পরিষ্কার করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিসের অনুমান, খুনের চেষ্টার মামলা থেকে রেহাই পেতে সে এই যুক্তি খাড়া করছে। অন্যদিকে, ধৃতের স্ত্রী চন্দ্রলেখা ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় পুলিস তাঁর বয়ান রেকর্ড করতে পারেনি। ওই মহিলার বয়ান রেকর্ড করা হলে শ্যুটআউটের আসল কারণ জানা যাবে বলেই মনে করছে শিবদাসপুর থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ