নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নগরোন্নয়নের ক্ষেত্রে পুরসভাগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (ববি)। মঙ্গলবার হুগলির কোন্নগর বইমেলার মঞ্চে দাঁড়িয়ে তিনি নাগরিক পরিষেবার মান উন্নয়নের জন্য আরও চেষ্টার উপরে জোর দেন। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক পরিষেবার মান সর্বোচ্চস্তরে তুলে নিয়ে যেতে চাইছেন। সমস্ত পুরসভাকে এনিয়ে উদ্যোগ নিতে হবে। পুরদপ্তর উন্নয়নের কাজে সবরকম সাহায্য করবে। এদিন পুরমন্ত্রীকে মঞ্চে রেখেই একগুচ্ছ প্রকল্পের জন্য সরকারি সাহায্য চেয়েছিলেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। পরে বক্তব্য রাখতে গিয়ে সেই প্রসঙ্গ তুলেই পরিষেবার মানবৃদ্ধি নিয়ে তৎপরতার পরামর্শ দেন পুরমন্ত্রী।
Advertisement
এদিন পুরমন্ত্রী বৈদ্যবাটি পুরসভা এলাকায় তৈরি হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প দেখতে গিয়েছিলেন। পরে তিনি উত্তরপাড়াতেও গিয়েছিলেন। সেই সময় উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব তাঁর সঙ্গে বৈঠক করেন। পরে দিলীপবাবু বলেন, সম্প্রতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প দিয়ে রাজ্য সরকার উত্তরপাড়াকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। সেই কারণে পুরমন্ত্রীকে নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছি। আরও কিছু উন্নয়নের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। -নিজস্ব চিত্র



