নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক প্রশ্ন ফাঁসের অভিযোগ। প্রথমে নিট-ইউজি। এরপর একে একে ইউজিসি-নেট, সিএসআইআর-ইউজিসি নেট কিংবা নিট-পিজি। কোনওটি বাতিল। কোনও পরীক্ষার ভবিষ্যৎ নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন। মাসসাতেক আগে এমন একাধিক ইস্যুতে দেশের শিক্ষাব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের কাঠগড়ায় উঠেছিল এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)। প্রধানত এনটিএ’ই ছিল এইসব পরীক্ষার অন্যতম ব্যবস্থাপক। সাম্প্রতিকতম অতীতে এইসব বিতর্কের জেরে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করলেন, আগামী বছর থেকে শুধুই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করবে এনটিএ। তারা নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্বে থাকবে না।
Advertisement
প্রশ্ন ফাঁস সংক্রান্ত তুমুল বিতর্কের পরেই গত জুলাই মাসে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়েছিল কেন্দ্র। ওই কমিটির মাথায় ছিলেন ইসরোর প্রাক্তন প্রধান আর রাধাকৃষ্ণান। কমিটিতে ছিলেন অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদও। গত অক্টোবর মাসে সেই কমিটি রিপোর্ট প্রকাশ করে। মঙ্গলবার ওই রিপোর্টই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে শিক্ষামন্ত্রক। এরপরেই এহেন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন শিক্ষামন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির যাবতীয় সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই রিপোর্টে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ, প্রাথমিকভাবে এনটিএ’র প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থাপকের দায়িত্বই সামলানো উচিত। পরবর্তীতে তাদের পরিকাঠামোগত ক্ষমতা বৃদ্ধি পেলে চিন্তাভাবনা করা যেতে পারে যে তারা আদৌ অন্যান্য পরীক্ষার আয়োজন করতে পারে কি না। আর এই ইস্যুতেই এনটিএ’র পরিকাঠামোগত মানোন্নয়নের সুপারিশও করেছে উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট প্যানেল। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকেই এনটিএর কাঠামো পরিবর্তনের পথে হাঁটা হবে।



