Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বলিউডে টিকে থাকতে চান নবাগত অভিনেতা

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ব্যোম। তবে মনে কোথাও অভিনেতা হওয়ার সুপ্ত বাসনা ছিল। তাই নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চয়তার দুনিয়ায় পা রেখেছিলেন তিনি।

বলিউডে  টিকে থাকতে চান  নবাগত অভিনেতা
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ব্যোম। তবে মনে কোথাও অভিনেতা হওয়ার সুপ্ত বাসনা ছিল। তাই নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চয়তার দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। সঞ্জয় ত্রিপাঠী পরিচালিত ‘মন্নু ক্যায়া করেগা?’ ছবির নায়ক ব্যোমের বলিউডে শুরুর দিনগুলো কেমন ছিল?
‘মন্নু ক্যায়া করেগা?’ ছবির ‘মন্নু’ হওয়ার জন্য তথাকথিত অডিশনের মধ্যে দিয়ে যেতে হয়নি ব্যোমকে। ‘তিগমাংশু ধুলিয়ার ‘গরমি’ সিরিজে আমি কাজ করেছি। সেখানে আমার কাজ দেখে ‘মন্নু’ চরিত্রের জন্য আমাকে কাস্ট করা হয়েছিল’, বললেন অভিনেতা। নবাগত ব্যোম টেনশনে ছিলেন। তবে জানালেন, রোমান্টিক ঘরানার এই ছবি ভালো লেগেছে দর্শকের বড় অংশের।  
এক সময় ইঞ্জিনিয়ারিং পাশ করে কয়েক মাস চাকরি করেছিলেন। কিন্তু চাকরিতে কিছুতেই মন বসেনি ব্যোমের। সুযোগ পেলেই দিল্লি থেকে মুম্বই গিয়ে অডিশন দিতেন তিনি। এভাবেই তিগমাংশু ধুলিয়ার ‘গরমি’ সিরিজে প্রথম অভিনয়ের সুযোগ পান। তাঁর কথায়, ‘২০১৯ সাল থেকে ক্রমাগত অডিশন দিয়েছি। মুম্বইতে আটজনের সঙ্গে ঘর ভাগ করে কোনওরকমে দিন কাটাতাম। কখনও একবেলা খেতাম। খুব কঠিন ছিল দিনগুলো। ‘গরমি’র আগে কিছু অ্যাড-ফিল্মে কাজ করেছি আমি। ভিড়ের মধ্যে আমাকে ক্ষণিকের জন্য দেখা যেত। কিন্তু মা আমাকে দেখার জন্য বার বার সেগুলো দেখতেন। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এমন কিছু করব, যাতে মা-কে আর আমায় খুঁজে দেখতে না হয়। গোটা ছবিজুড়ে যেন মা আমাকে দেখতে পান।’ বলিউডে দীর্ঘদিন টিকে থাকা এবং ভালো কাজ— এই দুই লক্ষ্যেই এখন এগিয়ে চলেছেন ব্যোম।

Advertisement


দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ