জামাইষষ্ঠীর দিন এল সুখবর। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর ঘরে এল নতুন সদস্য। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। মা ও সদ্যোজাত, দু’জনেই সুস্থ রয়েছে বলে খবর। চলতি বছর ফেব্রুয়ারি মাসে সন্তান আগমনের খবর ভক্তদের জানিয়েছিলেন পরম ও পিয়া। জানা গিয়েছিল, জুন মাসের শুরুতেই দুই থেকে তিন হবেন দম্পতি। সংসারে আসবে নতুন সদস্য। আর কয়েকদিন পরেই অর্থাৎ চলতি মাসের ২৭ তারিখ পরমব্রতর জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে পরম ও পিয়ার চারহাত এক হয়েছিল। সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত অভিনীত ‘সোনার কেল্লায় যকের ধন’। তারপরেই পরিবারে এল সুখবর।



