কাঠমাণ্ডু (পিটিআই): প্রবল বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পূর্ব নেপাল। রবিবার সকাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা অন্তত ৬০। এরমধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছে বজ্রপাতে। চলতি দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোশি প্রদেশের ইলাম জেলা। শুধুমাত্র এই জেলাতেই মৃতের সংখ্যা ৩৭। এরইমধ্যে নিখোঁজ চারজন। আরও ১১ জনের সঙ্গে তাঁরা লাংটাংয়ে ট্রেকিংয়ে গিয়েছিল। সেখানে ফুঁসে ওঠা নদীর স্রোতে ওই চারজন ভেসে যান। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে নেপাল সেনা, পুলিস ও সশস্ত্র বাহিনী। হেলিকপ্টারের সাহায্যে ইলাম জেলায় এক প্রসূতি মহিলা সহ চারজনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। নেপালে ক্ষয়ক্ষতিতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী দেশকে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।



