Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন নীরজ, জুডোয় জোড়া সোনা ভারতের, বাঙালি কন্যার ইতিহাস

রীতিমতো চমক দিয়ে জুডোতে জোড়া সোনা জয় ভারতের। দেশের প্রথম জুডোকা হিসাবে কমনওয়েলথ গেমসে সেরার মুকুট পরলেন ত্রিপুরার বাঙালি কন্যা অস্মিতা দে।

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন নীরজ, জুডোয় জোড়া সোনা ভারতের, বাঙালি কন্যার ইতিহাস
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গ্লাসগো: রীতিমতো চমক দিয়ে জুডোতে জোড়া সোনা জয় ভারতের। দেশের প্রথম জুডোকা হিসাবে কমনওয়েলথ গেমসে সেরার মুকুট পরলেন ত্রিপুরার বাঙালি কন্যা অস্মিতা দে। তার কয়েক মিনিটের মধ্যেই অপর সোনাটি জেতেন হর্ষ সিং। এছাড়াও এই ইভেন্টে মহিলাদের ৫৭ কেজি বিভাগে রুপো জিতলেন যামিনী মৌর্য।

Advertisement

শুক্রবার সবার নজর অবশ্য ছিল জ্যাভেলিন থ্রোয়ে নীরজ চোপড়ার দিকে। কিন্তু, আশা জাগিয়েও সোনা হাতছাড়া ভারতীয় তারকার। প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ সামলে ৮৫.৮৩ মিটারের থ্রোয়ে রুপো জিতলেন তিনি। আর সোনা পেয়েছেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগ (৮৯.৭৫ মিটার)। এছাড়া ব্রোঞ্জ জিতে চমক দিলেন ভারতের যশবীর সিং (৮৫.৪১)। তবে হতশ্রী পারফরম্যান্স পাকিস্তানের আরশাদ নাদিমের। ৭৭.৪১ মিটার ছুড়ে নবম স্থানে শেষ করেছেন তিনি।
গ্লাসগোয় জুডোর ম্যাটে এদিন যথার্থ অর্থেই আলো ছড়িয়েছেন ভারতীয়রা। মহিলাদের ৪৮ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি ফাইনালে অস্মিতা হারালেন কানাডার হিডি কোয়াচকে। নির্ধারিত সময়ের লড়াই ১-১ থাকার পর গোল্ডেন স্কোরে বাজিমাত (২-১) করেন তিনি। পুরস্কার প্রদানের সময় জাতীয় সংগীত বেজে উঠতেই আবেগে চোখ ছলছল করল দক্ষিণ ত্রিপুরা জেলার ছোট্ট শহর বিলোনিয়ায় বেড়ে ওঠা জুডোকার। বাবা অর্জুন কুমার ছিলেন সাইকেল মেকানিক। গত ডিসেম্বরেই মারা গিয়েছেন তিনি। গেমসের সোনা তাঁকেই উৎসর্গ করলেন কন্যা। অস্মিতার কথায়, ‘এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। অবশেষে স্বপ্ন সফল। জুডো থেকে দেশকে প্রথম কমনওয়েলথ গেমস সোনা এনে দিতে পেরে আমি ধন্য। মাত্র ৮ মাস আগে বাবাকে হারিয়েছি। এই সাফল্য তাঁকেই উৎসর্গ করছি।’ পুরুষদের ৬০ কেজি বিভাগে সোনা জয়ের পথে হর্ষ সিং ১০-০ পয়েন্টে উড়িয়ে দেন অস্ট্রেলিয়ার জোসুয়া কাটজকে। তবে মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের আসেলিয়া টোপ্রাকের হাছে হেরে গেলেন যামিনী।
বক্সিং রিংয়েও বইল তেরঙা ঝড়। এই ইভেন্ট থেকে সবচেয়ে পদক জিততে চলেছে ভারত। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০ জন বক্সার সেমি-ফাইনালে পৌঁছে আগেই তা নিশ্চিত করেছিলেন। শুক্রবার তাঁদের প্রত্যেকেই ফাইনালে জায়গা পাকা করলেন। দুরন্ত পারফরম্যান্সে সোনা জয়ের আশা উজ্জ্বল করলেন লভলিনা বড়গোঁহাই, অঙ্কুশ পাঙ্ঘাল, প্রীতি পাওয়ার, জাসমিন লাম্বোরিয়া, অরুন্ধতী চৌধুরি, জাদুমনি সিং, সাক্ষী চৌধুরি, প্রিয়া গাংহাস, শচীন সিওয়াচ ও নরেন্দ্র বেরওয়াল। আর ফাইনালে হারলেও নিদেনপক্ষে রুপো নিশ্চিত তাঁদের। 
কমনওয়েলথ গেমসে ডেকাথলনে প্রথম ভারতীয় হিসাবে পদক জিতে ইতিহাস গড়লেন তেজস্বিন শঙ্কর। মোট ৭৯৭৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এদিকে, পুরুষদের ১১০ কেজি ভারোত্তোলনে অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ ভুলতে পারছেন না লাভপ্রীত সিং। দুরন্ত পারফরম্যান্স করেও রুপোতে সন্তুষ্ট থাকতে হয় নেভি জওয়ানকে। স্ন্যাচ এবং ক্লিন-জার্ক মিলিয়ে লাভপ্রীত তোলেন ৩৮৮ কেজি ওজন। 
চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে আপাতত ২৩টি পদক। ৫টি সোনার পাশাপাশি রয়েছে ১২টি রুপো ও ৬টি ব্রোঞ্জ।

Advertisement
সম্পর্কিত সংবাদ