নয়াদিল্লি: ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া। টোকিও ওলিম্পিকসে সোনা জেতার পর প্যারিস গেমসেও রুপো জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন তিনি। তবে সাম্প্রতিককালে তাঁর পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী। ২০২৬ কমনওয়েলথ গেমসেও সোনা হাতছাড়া হয়েছে। রুপো জেতেন তিনি। তবে নীরজের কাছে এই পদকের গুরুত্ব অপরিসীম। কারণ চোট, দীর্ঘ রিহ্যাবে গত দশ মাস প্রবল অনিশ্চয়তার মধ্যে কেটেছে তাঁর। কঠিন সময় পার করে এই রুপো জয় তাই ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ারের কাছে স্পেশাল।
গ্লাসগো কমনওয়েলথ গেমসের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নীরজ লেখেন, ‘কিছু থ্রো অনেক দূর যায়। আর কিছু মুহূর্ত একটা পুরো যাত্রার ভার বহন করে। গত দশ মাস আমায় এমন কঠিন পরীক্ষার মধ্যে যেতে হয়েছে, যা কল্পনাও করিনি। একাধিক চোট সারানো, শরীরকে আবার নতুন করে তৈরি করা, ছন্দ ফিরে পাওয়া, ধৈর্য ধরতে শেখা। প্রতিদিন কঠোর ট্রেনিং করতাম। কিন্তু জানতাম না, এবছর আদৌ কোনো প্রতিযোগিতায় নামতে পারব কিনা!’ তবে নীরজ যাবতীয় চ্যালেঞ্জ টপকে কমনওয়েলথ গেমসে নেমেছিলেন। এবং গ্লাসগোতে ৮৫.৮৩ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনার আশাও জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ভারতীয় তারকাকে টপকে বাজিমাত করেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগে (৮৯.৭৫ মিটার)। অর্থাত্, নীরজকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল। তাঁর মন্তব্য, ‘আবারও প্রতিযোগিতায় নামতে পারাটা স্বস্তির। এই কামব্যাকে অবদান রয়েছে ফিজিও, কোচ এবং আমার পরিবারের। পরিস্থিতি যতই কঠিন হোক, তাঁরা সর্বদাই আমার পাশে দাঁড়িয়েছে। মরশুমে লড়াই জারি থাকবে। এক ধাপ করে এগচ্ছি।’ উল্লেখ্য, আগস্টে লুসান ডায়মন্ড লিগ রয়েছে। মেগা ইভেন্টে অংশ নেবেন নীরজ চোপড়া। এছাড়া এশিয়ান গেমসকেও পাখির চোখ করছেন তিনি।