সংবাদদাতা, কাকদ্বীপ: কলকাতার বন্দরে যাওয়ার আগে নদীপথে বার্জ থেকে চুরি হয়ে গেল প্রায় ৩০ টন ঘুগনির মটর। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে, মুড়িগঙ্গা নদীতে। পরে এই খবর জানতে পেরে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিস নদীপথে অভিযান চালায়। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তারও করেছে তারা। জানা গিয়েছে, ওই বার্জটি প্রায় আড়াই হাজার টন ঘুগনির মটর নিয়ে কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। সেখান থেকে প্রায় ৩০ টন মটর চুরি করে নেওয়া হয়। ওই ছয়জনকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক চারজনকে ১৪ দিনের জেল হেফাজত ও দুইজনকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা জানতে পুলিস তদন্ত শুরু করেছে।



