Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিচু হয়ে ঝুলছে বিদ্যুৎবাহী তার, দুর্ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় দমকলের ইঞ্জিন

নিচু হয়ে ঝুলছে বিদ্যুৎবাহী তার, দুর্ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় দমকলের ইঞ্জিন
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ১৫ এবং ১১ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া, ঘোষপাড়া, সারদা এবং রেল এলাকায় বিদ্যুৎবাহী তার ঝুলছে হাতের নাগালে। এত নিচু হয়ে তার ঝুলে থাকায় গাড়ি চলাচলে সমস্যা হয়। এমনকী কোনও বিপদ হলে দমকলের গাড়ি ঢুকতেও সমস্যা হয়। স্থানীয় বাসিন্দারা বিদ্যুতের তার উঁচু করার দাবি জানিয়েছেন।
Advertisement
মঙ্গলবার ১৫নম্বর ওয়ার্ডে এক জায়গায় জমা স্তূপে আচমকা আগুন ধরে যায়। এরপর ইংলিশবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই এলাকার রাস্তায় অনেক নিচুতে বিদ্যুতের তার ঝুলে থাকায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়। এর আগেও সারদা কলোনি সহ বিভিন্ন এলাকায় একই সমস্যা হয়েছে। দমকলের লিডার ফায়ার অপারেটর প্রসেনজিৎ দাস বলেন, ফাঁকা এলাকায় কিছু আবর্জনা জমে ছিল। সেটায় কোনও কারণে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কিন্তু ওই এলাকায় বিদ্যুতের তার এতটা নিচু হয়ে ঝুলে থাকায় গাড়ি নিয়ে ঢুকতে বেগ পেতে হয়েছে। তার  উঁচু করে দিলে দমকলের ইঞ্জিন নিয়ে যেতে আর সমস্যা হবে না। সোনা সাহা নামে শহরের এক বাসিন্দা বলেন, দমকলের গাড়ি জরুরি পরিষেবা দেয়। দুর্ঘটনাস্থলে ইঞ্জিন দ্রুত গতিতে না পৌঁছলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিষয়টি নিয়ে ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দনা হালদার বলেন, তার নিচু হয়ে ঝুলে থাকার বিষয়টি আগেও বিদ্যুৎদপ্তরকে বলেছি। ট্রান্সফর্মার ধরে ধরে কাজ হবে বলে তারা আশ্বাস দিয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম ঘোষ বলেন, আগে অনেক তার নিচু ছিল। সম্প্রতি সেগুলিকে উঁচু করা হয়েছে। কিছু জায়গায় তার নিচু রয়েছে। ওটা উঁচু করতে এর আগে বিদ্যুৎদপ্তর থেকে কর্মীরা এসেছিলেন। কিন্তু স্থানীয়দের সেখানে পোল বসাতে দেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে। পুরাতন মালদহ বিদ্যুৎবণ্টন কোম্পানি জানিয়েছে, বিদ্যুৎবাহী তার নিচু হয়ে ঝুলে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ