নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের বেআইনি কল সেন্টার থেকে মার্কিন নাগরিকদের সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছিল। ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিসের সাইবার ক্রাইম ইউনিট ও বারুইপুর পুলিস জেলার সাইবার থানা। সাদার্ন বাইপাসের ধারে একটি অভিজাত আবাসানে চলছিল এই কল সেন্টার। শনিবার সেখানে হানা দিয়ে পুলিস পাঁচটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল, দু’টি রাউটার, সাতটি হেডফোন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ও একাধিক ব্যাঙ্কের জাল লোগো উদ্ধার করেছে। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। তদন্তে পুলিস জানতে পেরেছে, এই চক্র মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার আশ্বাস দিত। আড়ালে প্রতারণার ফাঁদ পেতে কাজ করত চক্রের সদস্যরা। নানা সময় কারসাজি করে গ্রাহকদের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পুলিসের কাছে খবর আসতেই আবাসনে হানা দিয়ে কল সেন্টারটি সিল করে দেওয়া হয়। বিভিন্ন সূত্র মারফত পূর্ব যাদবপুর এলাকার বাসিন্দা জয় হালদার, নরেন্দ্রপুরের তন্ময় মণ্ডল ও সোনারপুরের শুভজিৎ বিশ্বাস নামে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। জয় চক্রের মূল পান্ডা। তার অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা। চক্রের আর কারা যুক্ত খোঁজ করছেন তদন্তকারীরা।



