Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালকের জামিন বাতিলের আর্জি, শুনানি ৯ ডিসেম্বর

নাবালকের জামিন বাতিলের আর্জি, শুনানি ৯ ডিসেম্বর
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুরে গাড়ির ভিতরে সম্প্রতি জোড়াখুনের ঘটনা ঘটে। সেই মামলায় জামিন পাওয়া এক নাবালকের জামিন বাতিলের আর্জি জানাল কলকাতা গোয়েন্দা পুলিস। বৃহস্পতিবার আলিপুর জেলা আদালতের বিশেষ চাইল্ড কোর্টে তারা এই আর্জি জানায়। এদিন দক্ষিণ ২৪ পরগনার মুখ্য সরকারি কৌঁসুলি শিবনাথ অধিকারী এই খবর জানিয়ে বলেন, আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে ৯ ডিসেম্বর। ওইদিন অভিযুক্ত নাবালককে কোর্টে হাজির হওয়ার জন্য বিচারক ‘সমন’ জারির নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় মূল অভিযুক্ত বর্তমানে জেল হেফাজতে আছে। তদন্ত শেষ করে পুলিস ইতিমধ্যে আলিপুর কোর্টে চার্জশিটও পেশ করেছে। পুলিস জানায়, সম্প্রতি আনন্দপুর থানা এলাকায় গাড়ির ভিতরে মহিলা সহ এক শিশুকে হত্যা করা হয়। সেই ঘটনায় পুলিস দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার মধ্যে একজন ছিল নাবালক। ফলে তার শুনানি হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে। সেখানে নাবালক জামিন পায়। আর ঩সেই জামিন ঠেকাতেই কলকাতা গোয়েন্দা পুলিসের গুন্ডাদমন শাখা আলিপুর জেলা আদালতে আবেদন জানায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ