রায়পুর: নাবালিকাকে গণধর্ষণ ও খুন। হত্যা করা হয় নির্যাতিতার বাবা ও ভাইঝিকেও। ২০২১ সালে ছত্তিশগড়ের কোরবা জেলার এই নারকীয় ঘটনায় ৫ অপরাধীকে ফাঁসির সাজা দিল আদালত। আরও একজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বিচারক মমতা ভোজওয়ানি। বুধবার সরকার পক্ষের আইনজীবী সুনীল কুমার মিশ্র জানান, ১৫ জানুয়ারি রায়দানের সময় এই ঘটনাটিকে অত্যন্ত অমানবিক, নৃশংস ও বিরল বলে জানিয়েছিলেন বিচারক।
Advertisement
২০২১ সালের ২৯ জানুয়ারি ওই নাবালিকাকে গণধর্ষণের পাশাপাশি বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তারপর পাথর দিয়ে তার শরীরের নানা অংশ থেঁতলে দেওয়া হয়। সেই অবস্থায় তাকে কোরবার গাধুপরোড়া গ্রাম সংলগ্ন একটি জঙ্গলে ফেলে দিয়ে পালায় অপরাধীরা। গণধর্ষণে বাধা দেওয়ার নির্যাতিতার বাবা ও ভাইঝিকেও খুন করে মূল অপরাধী সন্তরাম মাঝওয়ার সহ বাকিরা। দিন কয়েক পর তদন্তে নেমে পুলিস মোট ছয়জনকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে খবর, সন্তরামের বাড়িতে গবাদি পশুর দেখাশোনার কাজ করত নির্যাতিতার পরিবার। সেইসূত্রেই দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল সে। কিন্তু তাতে রাজি হয়নি মেয়েটির পরিবার। আর সেই আক্রোশ থেকেই এই নৃশংস ঘটনা।



