সংবাদদাতা, বনগাঁ: নাবালিকাকে বিয়ে করে শ্রীঘরে ঠাঁই হল এক যুবকের। ধৃত যুবকের নাম সৌরভ কীর্তনীয়া (২৭)। শনিবার বনগাঁ থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। জানা গিয়েছে, বনগাঁ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে দেখে পছন্দ হয় সৌরভ কীর্তনীয়ার। নাবালিকারও তাকে পছন্দ হয়। শুক্রবার দুই পরিবার গিয়ে এলাকার একটি মন্দিরে বিয়ে দেন তাদের। নাবালিকার বাবা নেই। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। বিয়েতে নাবালিকার মা ছাড়াও পাত্রের বাবা উপস্থিত ছিলেন। বিয়ের কথা জানতে পেরে বনগাঁ থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিসের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। তদন্তে নেমে শনিবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিস।



