নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। শেষ কবে পিচের প্রলেপ পড়েছিল, মনে করে বলতেও পারেন না স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বেহাল অবস্থা নিকাশি ব্যবস্থারও। খটখটে নভেম্বর মাস শেষ হতে চলল। এই শীতকালেও নিকাশি নালা উপচে জলে ভেসে যাচ্ছে রাস্তা। অস্বাস্থ্যকর অবস্থা। নোংরা জলে পা দিয়েই চলাচল করতে হচ্ছে মানুষকে। রবিবার এর প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয়রা। লাগাতার বিক্ষোভ চলল। বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের রসিকল এলাকার বাসিন্দারা সমস্ত ঘটনায় প্রবল ক্ষুব্ধ।
Advertisement
রসিকলের জমাদারপাড়া এলাকায় প্রায় তিনটি রাস্তার অবস্থা গত ১০ বছর ধরেই বেহাল। রাস্তার পাশে পাকা ড্রেনেজ সিস্টেম পর্যন্ত নেই। ফলে বেশিরভাগ সময় নিকাশি নালা উপচে রাস্তায় প্রায় মাঝখান পর্যন্ত জল চলে আসে। বর্ষার সময় ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু চলতি বছরে নভেম্বরেও বেহাল রাস্তা একইভাবে জল থইথই করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতে বারবার রাস্তা ও নিকাশি সংস্কারের জন্য আবেদন জানানো হয়েছে। প্রতিবারই আশ্বাস দেওয়া হয় অথচ কাজের কাজ কিছুই হয় না। প্রায়দিনই ছোটখাট দুর্ঘটনা ঘটে। বাধ্য হয়ে এদিন সকালে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। আরমান খান নামে এক অবরোধকারী বলেন, ‘কিছুদিন আগে রাস্তায় জোড়াতাপ্পি দেওয়ার জন্য রাবিশ ফেলা হয়েছিল। তাতে অবস্থা আরও খারাপ হয়েছে। এবার বাধ্য হয়েছি বিক্ষোভে নামতে।’ সকলের অভিযোগ, প্রতিদিন সকালে রাস্তার গর্তে জমে থাকা নোংরা জল টপকে শিশুদের নিয়ে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যেই টোটো উল্টে যায়। আহত হয় অনেকে। এই বিষয়ে বাকরা তিন নম্বর পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ বলেন, ‘পঞ্চায়েতের পক্ষে রাস্তার পুরোপুরি সংস্কার সম্ভব নয়। এ জন্য সাংসদ তহবিল থেকে টাকা খরচ হবে। পঞ্চায়েতে ড্রেনেজ সিস্টেমের আউটলাইন না থাকায় জল জমার সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়েও জেলা পরিষদের সঙ্গে কথা হচ্ছে।’



