Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে সর্ষের খেত থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার

নবগ্রামে সর্ষের খেত থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সোমবার দুপুরে নবগ্রাম থানার নারায়ণপুর পঞ্চায়েতের জারুলিয়া গ্রামে সর্ষের খেত থেকে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম দয়াবতী মিস্ত্রি(৫৭)। বাড়ি ওই গ্রামেই। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পরিবারের কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান ওই প্রৌঢ়া। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোনও হদিশ না পাওয়ায় পরের দিন নবগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন। সোমবার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গ্রামের এক সর্ষের জমিতে ওই প্রৌঢ়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার একটি পা শিয়ালে খুবলে খেয়েছে। মৃতার স্বামী ঝন্টু মিস্ত্রি বলেন, কয়েকমাস আগে মেয়েকে সাপে কামড়ায়। তারপর থেকে মেয়ে অসুস্থ রয়েছে। সেই ঘটনার পর থেকে ওর মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করত। সেই কারণে বকাঝকা করতাম। ঘটনার দিন সন্ধ্যায় বকেছিলাম। রাত ৮টা নাগাদ সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোনও হদিশ পাইনি। নবগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিস আধিকারিক বলেন, কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ