সংবাদদাতা, লালবাগ: শনিবার সকালে নবগ্রাম থানার অমৃতকুণ্ড এলাকায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একজন। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুইট শেখ(২২)। বাড়ি মহরুলে। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে চেপে মহরুলের বাসিন্দা দুই যুবক সাবিরউদ্দিন শেখ ও সুইট শেখ মেহেদিপুরের দিকে আসছিলেন। সুইট পিছনে বসেছিলেন। অমৃতকুণ্ড ঢোকার মুখে সামনে থাকা একটি ইটবোঝাই ট্রাক্টরকে ওভারটেক করার সময় কোনওভাবে ডালার সঙ্গে বাইকের হ্যান্ডেল লেগে যায়। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুইটকে মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, দু’জনের মাথায় হেলমেট ছিল না। বাইক থেকে ছিটকে পড়ে মাথায় চোট লাগার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জখম যুবক: লালগোলার পাহাড়পুরে বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে রকি শেখ নামে এক যুবক জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।



