সংবাদদাতা, নবদ্বীপ: শতাব্দী প্রাচীন নবদ্বীপ নদীয়া ক্লাবের পরিচালনায় শুরু হল শঙ্করীচরণ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার ক্লাবের নিজস্ব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নবদ্বীপ পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পারুল দেবনাথ। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্টুডেন্ট স্টাফকে এক উইকেটে হারিয়ে জয়ী হল নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব। এদিনের খেলায় সপ্তর্ষি ক্লাবের প্রদীপ্ত পোদ্দার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
Advertisement
নদীয়া ক্লাবের সাধারণ সম্পাদক তথা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক লালমোহন মোদক বলেন, শতাব্দী প্রাচীন এই ক্লাবের প্রাণপুরুষ শ্রদ্ধেয় শঙ্করীচরণ চট্টোপাধ্যায়ের নামে ২০১৪ সাল থেকে টুর্নামেন্ট শুরু হয়েছিল। দেখতে দেখতে এবার ১২ বছরে পড়ল। এই ক্লাবকে হেরিটেজ তালিকায় নথিভুক্ত করার জন্য আবেদন করা হয়েছে। এই টুর্নামেন্ট নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং সিএবি দ্বারা অনুমোদিত। নদীয়া জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৌশিক মণ্ডলও এই টুর্নামেন্ট চালানোর জন্য সহযোগিতা করেছেন। আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ। ক্লাবের কোষাধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, খেলার মানোন্নয়নের জন্যই এই টুর্নামেন্ট আমরা চালিয়ে আসছি। আর যাঁর নামে এই টুর্নামেন্ট সেই শঙ্করীচরণ চট্টোপাধ্যায়ও ভালো খেলোয়াড় এবং ক্রীড়া জগতের একজন দক্ষ প্রশাসক ছিলেন। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দেবরাজ বন্ধু বলেন, ফুটবল, ক্রিকেট, ভলি সহ বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক জগতে বিশেষ ভূমিকা রয়েছে এই ক্লাবের। স্থানীয় কাউন্সিলার বলেন, আমি এই ক্লাবকে সবরকম সহযোগিতার চেষ্টা করি। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক অপরেশ চট্টোপাধ্যায় ও অলক চট্টোপাধ্যায়, ক্লাবের কার্যকরী সভাপতি গোবিন্দচন্দ্র বাগ, সহ-সভাপতি ডাঃ গৌতম ঘোষাল, নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত গোস্বামী সহ বিশিষ্টরা।



