মুম্বই: তিনি বিজেপি বিরোধী। তাঁকে ‘দাউদ ঘনিষ্ঠ’ হিসেবে চিহ্নিত করেছে বিজেপি। কয়েকদিন আগেও দুর্নীতির অভিযোগে জেলবন্দি ছিলেন। তা সত্ত্বেও যাবতীয় গেরুয়া আপত্তি উড়িয়ে নবাব মালিককেই মহারাষ্ট্রের মানকুর্দ শিবাজীনগর থেকে প্রার্থী করেছে এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী)। এই সিদ্ধান্তে বিজেপির অসন্তোষের কথা এবার প্রকাশ্যে আনলেন মুম্বইয়ের বিজেপি প্রধান আশিস শেলার। তিনি বলেছেন, ‘ওঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও ওঁকে কীভাবে প্রার্থী করা হল? অজিত পাওয়ারের উচিত হয়নি তাঁকে টিকিট দেওয়া। বিজেপি এ ধরনের প্রার্থীদের মোটেই সমর্থন করে না। আমরা ওঁর সমর্থনে প্রচারে অংশ নেব না।’ অজিত গোষ্ঠীর সঙ্গে একাধিক ঘটনায় বিজেপির ফাটল স্পষ্ট হচ্ছে মহারাষ্ট্রে। বিজেপি জোটের প্রচারের পোস্টারে অজিতের ছবি দেখা যায়নি। এই আবহে প্রার্থী নিয়ে বিজেপি নেতার এই মন্তব্যে অস্বস্তি বাড়ল অজিত গোষ্ঠীর।



