নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলপাইগুড়ির মাল এলাকায় কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক বিএলও। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে কোচবিহারের আরও এক বিএলওর। মৃত দুই বিএলওর পরিবারকে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুততার সঙ্গে এই ক্ষতিপুরণ দুই পরিবারের হাতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে জেলা প্রশাসনকে। এছাড়া, কোন্নগরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও-কে এক লক্ষ টাকা দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীকে ই-মেল করে বিএলওদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছ ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ।



