হিউস্টন: সদ্য সমাপ্ত অ্যাক্সিয়ম-৪ অভিযান থেকে শুরু করে নিসার উপগ্রহ উৎক্ষেপণ। দীর্ঘদিন ধরে একযোগে মহাকাশ গবেষণা চালাচ্ছে ভারত-আমেরিকা। এবার নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে দিল্লি-ওয়াশিংটনের যৌথ সফর। সোমবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তারই আভাস মিলল। আধিকারিকদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন নভোশ্চর, মহাকাশ গবেষকরা। ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে অভিযানের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের কথা তুলে ধরেন তাঁরা।
মহাকাশ গবেষণায় এই যৌথ উদ্যোগের প্রশংসা করেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা। তিনি বলেন, ‘বৈজ্ঞানিক আবিষ্কার, যান্ত্রিক উন্নতি ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে প্রগতিশীল মঞ্চ হয়ে উঠবে এই উদ্যোগ। কম খরচে সফল মহাকাশ অভিযানে বারবার সাফল্য পেয়েছে ভারত। আমেরিকা সঙ্গে থাকলে ভবিষ্যতে নতুন দিশা পাবে মহাকাশ গবেষণা।’ একই কথা শোনা গেল নাসার ভূবিজ্ঞান বিভাগের ডিরেক্টর ডঃ ক্যারেন সঁ জার বক্তব্যে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন সুনীতা উইলিয়ামস, নিক হেগ, বুচ উইলমোর ও শুভাংশু শুক্লা। প্রত্যেকেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর কথায়, ‘মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক অংশিদারিত্বের ক্ষমতার অন্যতম নিদর্শন এই অভিযান।’