Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাড়ে তিন লক্ষ জবকার্ডধারীর নাম বাদ দক্ষিণ ২৪ পরগনায়

ভিবি জি রামজি প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র যোগ্য জবকার্ডধারীদেরই এই কাজে যুক্ত করার নির্দেশ রয়েছে

সাড়ে তিন লক্ষ জবকার্ডধারীর নাম বাদ দক্ষিণ ২৪ পরগনায়
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভিবি জি রামজি প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র যোগ্য জবকার্ডধারীদেরই এই কাজে যুক্ত করার নির্দেশ রয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনো অযোগ্য শ্রমিককে এই কাজ দেওয়া যাবে না। এমনকি অযোগ্যদের নাম রয়ে গেলে তালিকা থেকে সেসব বাদই দিতে বলেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। কাজটি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সেরেও ফেলেছে। এই সাফাই অভিযানে বাদ পড়েছে সাড়ে তিন লক্ষের বেশি নাম। উল্লেখ্য, এদের নাম এসআইআরে বাদ গিয়েছে। তাই নির্দেশমতো জবকর্ড তালিকা ঝাড়াই বাছাই করে এখন চূড়ান্ত করে ফেলেছেন আধিকারিকরা। বাদ যাওয়া নামের মধ্যে আছে—মৃত, স্থানান্তরিত এবং এই কাজে অনাগ্রহী শ্রমিকরাও। এই জেলার মধ্যে ক্যানিং-১, বারুইপুর, মন্দিরবাজার, মগরাহাট-২ এবং কুলপি ব্লকে নাম সবচেয়ে বেশি বাদ গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় এই মুহূর্তে জবকার্ডধারী শ্রমিক ২০ লক্ষের মতো। তাঁদের ৮৫ শতাংশের ই-কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়েছে।  ১০০ দিনের কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। পূর্বতন তৃণমূল সরকার বিকল্প হিসাবে চালু করেছিল ‘কর্মশ্রী’। কিন্তু কর্মশ্রী রূপায়ণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। তাই ভিবি জি রামজি চালুর জন্য পঞ্চায়েত দপ্তর পূর্ণ স্বচ্ছতার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। স্ক্যানারে বিশেষভাবে ছিল দক্ষিণ ২৪ পরগনা। কারণ এসআইআরে এই জেলায় প্রায় ১০ লক্ষ নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে জবকার্ডধারী শ্রমিক বহু। সেই অযোগ্যদের ছেঁটে ফেলার কাজ প্রশাসন ইতিমধ্যেই সেরে ফেলেছে। তাই অস্বচ্ছতার অভিযোগ আর উঠবে না বলেই আত্মবিশ্বাসী জেলা প্রশাসন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ