সংবাদদাতা, তেহট্ট: বর্তমান বাজারে নতুন পেঁয়াজের দাম বাড়ায় খুশি চাষিরা। বেশ কয়েক বছর পর এবার দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন তাঁরা। খুচরো বাজারে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। চাষিরা পাইকারি বাজারে প্রতি কেজি ১৬ থেকে ১৮ টাকা দাম পাচ্ছেন। এই দামের ফলে চাষিরা বিঘা প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ করছেন। এতে খুশি চাষিরা। নদীয়ার তেহট্ট মহকুমার তেহট্ট-১, করিমপুর-১ ও ২ ব্লকের কাঁঠালিয়া, মহিষবাথান, নাজিরপুর, কিশোরপুর, গড়াইমারির উন্নতমানের পেঁয়াজ সুপ্রসিদ্ধ। পেঁয়াজ চাষিরা বলেন, পেঁয়াজ বেশিদিন ঘরে রাখা যায় না। সংরক্ষণের স্থায়ী উপায় না থাকায় খেত থেকে পেঁয়াজ তোলার পর কম দামেই তা বিক্রি করে দিতে হয়েছিল পরপর বেশ কয়েক বছর। এবছর অন্য বারের তুলনায় দাম বেশি পাওয়া যাচ্ছে। বাজারে যা পেঁয়াজ পাওয়া যায়, তার অধিকাংশই ভিনরাজ্য থেকে বিশেষত মহারাষ্ট্রের নাসিক থেকে আসে। এবছর এখনও নাসিকের পেঁয়াজ না আসায় এই পেঁয়াজের দাম বেশি বলে মনে করছেন চাষিরা। এই পেঁয়াজ ঝাড়খণ্ড, বিহার সহ অন্যন্য রাজ্য যাওয়ায় অন্যবারের থেকে এবার দাম বেশি পাওয়া যাচ্ছে।



