Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যাট্রিমনিয়াল সাইটে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার তরুণী, গ্রেপ্তার ১

ম্যাট্রিমনিয়াল সাইটে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার তরুণী, গ্রেপ্তার ১
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাট্রিমনিয়াল সাইটে বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন বেনিয়াপুকুরের বাসিন্দা এক তরুণী। তা দেখে যোগাযোগ করেন এক যুবক। তিনি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন। কথাবার্তা হওয়ার পর দেখাও করেন তাঁরা। জড়িয়ে পড়েন ঘনিষ্ঠ সম্পর্কে। এই সুযোগে ব্যবসা বাড়ানোর অজুহাতে অভিযুক্ত যুবক ধাপে ধাপে ৫ লক্ষ  ৭০ হাজার নেন ওই তরুণীর থেকে। এরপর যোগাযোগ বন্ধ করে দেন ওই যুবক। প্রতারিত হয়েছেন বুঝে তরুণী বেনিয়াপুকুর থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিস ওই যুবককে শনিবার রাতে বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা গত জানুয়ারি মাসে বিজ্ঞাপন দেন ম্যাট্রিমনিয়াল সাইটে। ওই যুবক একই সাইটে নিজের নাম রেজিস্ট্রেটশন করিয়েছিলেন। তরুণীর বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন অভিযুক্ত যুবক এহেতশাম নাদিম। মোবাইল নম্বর আদানপ্রদান হওয়ার পর প্রথমে তরুণীর সঙ্গে চ্যাট করতে শুরু করেন। আলাপ জমে ওঠার পর মার্চ মাস থেকে তাঁরা দেখা করতে শুরু করেন। যুবক ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। আসলে এটি যে প্রতারণার ফাঁদ বুঝতে পারেননি তরুণী। যুবকের কথায় আশ্বস্ত হয়ে তাঁরা বিভিন্ন হোটেলে একসঙ্গে সময়ও কাটান। ঘনিষ্ঠ হওয়ার পর ব্যবসায় সম্প্রসারণের জন্য টাকা চাইতে শুরু করেন যুবক। তরুণী প্রথমে নগদ পাঁচ লক্ষ টাকা দেন। এরপর ৭০ হাজার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। টাকা নেওয়ার পর থেকেই যুবকের আচরণ বদলে যায়। ফোন বন্ধ করে দেন তিনি। এরপর অভিযোগ দায়ের হয় থানায়। ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা মোবাইলের সূত্র ধরেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। বিয়ের প্রস্তাব পাকা করার পর বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করতেন নাদিম। তারপর টাকা হাতিয়ে পগার পার। এই কায়দায় অভিযুক্ত যুবক কতজন মহিলাকে প্রতারিত করেছেন, তা জেরা করে জানার চেষ্টা করছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ